নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: জাতীয় পর্যায়ের কারাতে-দো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে মৌলভীবাজার ও সিলেট বিভাগের জন্য গৌরব বয়ে এনেছেন রাজনগর উপজেলার কিশোর কারাতেকা অর্প দত্ত। তার এই অসাধারণ অর্জনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় কারাতে-দো প্রতিযোগিতায় +৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেন অর্প দত্ত। পুরস্কার হিসেবে তিনি সম্মাননা সনদ ও ১৫ হাজার টাকা প্রাইজমানি লাভ করেন। সংশ্লিষ্টদের দাবি, কারাতে-দো ডিসিপ্লিনে জাতীয় পর্যায়ে এটি সিলেট বিভাগের প্রথম স্বর্ণপদক।
অর্প দত্ত রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা এলাকার দশমরী-দশঘরী গ্রামের বাসিন্দা। তার বাবা কাজল দত্ত প্রবাসী এবং মা সুভ্রা দত্ত গৃহিণী। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তিনি নিয়মিত অনুশীলন চালিয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়ে দেশের সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
অর্পের কোচ সেন্সি উত্তম পাল জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল হিসেবে অর্প জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন জেলার নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।
এদিকে, অর্পের জাতীয় স্বর্ণপদক অর্জনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) কৃতি এই কারাতেকাকে সংবর্ধনা দিতে সম্মতি জানিয়েছেন। জেলা প্রশাসনের উদ্যোগে শিগগিরই তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অর্প দত্ত, তার পরিবার ও কোচ জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের স্বীকৃতি শুধু অর্পের অর্জনকে সম্মানিত করবে না, বরং জেলার অন্যান্য প্রতিভাবান খেলোয়াড়দেরও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে উৎসাহিত করবে।
