মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর আলোচিত ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মামলার প্রধান আসামি সেলিম আহমদ ওরফে বটলা সেলিম (৩৮)-কে চট্টগ্রামের বাকুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেলিম কুলাউড়া উপজেলার উসনপুর গ্রামের বাসিন্দা।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২২ জুন ২০২৬ তারিখে শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চারজন দুর্বৃত্ত রেহেনা বেগম (৫১) নামের এক নারীর পথরোধ করে টাকা ভর্তি ব্যাগ ও চেক ছিনিয়ে নেয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের হলে পিবিআই ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি বটলা সেলিমকে শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত তার লাল রঙের মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারকৃত বটলা সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের অন্তত ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পিবিআই মৌলভীবাজারের ইউনিট ইনচার্জ মো. জাফর হোসেনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কাশেমসহ একটি দল এই অভিযান পরিচালনা করে। শনিবার (৪ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
