জুড়ি প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মাহমুদ শাহিনকে অবশেষে উদ্ধার করা হয়েছে। তাকে শ্রীমঙ্গল এলাকা থেকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিক ভাবে স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরবর্তীতে তাঁর বাড়ির সামনে ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি তাঁর পরনের একটি পাঞ্জাবি ছেঁড়া অবস্থায় উদ্ধার হওয়ায় বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছিলেন পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন। ঘটনার পর পরিবার ও স্থানীয়রা দ্রুত তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন, এবং বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে সংবাদ পরিবেশিত হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় এক পরিচিত ব্যক্তি তাঁকে দেখতে পান। পরে তিনি ভিকটিমের নিজ এলাকার চেয়ারম্যান রুহেল উদ্দিনকে বিষয়টি ফোনে অবহিত করেন। চেয়ারম্যান শ্রীমঙ্গলের এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তাকে উদ্ধার করার ব্যবস্থা করেন। পরবর্তীতে তাঁর স্বজনরা শ্রীমঙ্গল থেকে তাঁকে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে চেয়ারম্যান রুহেল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
