চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত ‘মিলাদ অলিম্পিয়াড সিজন-০২’-এর প্রচারণার অংশ হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিলাদ অলিম্পিয়াড আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আয়োজক কমিটির পক্ষ থেকে মিলাদ অলিম্পিয়াডের উদ্দেশ্য, কার্যক্রম, প্রতিযোগিতার কাঠামো এবং শিক্ষার্থীদের মাঝে হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও সিরাতচর্চা বিস্তারে এ আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় অলিম্পিয়াডের বিভিন্ন বিষয় নিয়েও ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আবু তালেব বলেন, ‘মিলাদ অলিম্পিয়াড’ একটি যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। বর্তমান প্রজন্ম, বিশেষ করে কিশোর-তরুণদের কাছে হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও শিক্ষা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানভিত্তিক এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সিরাতচর্চার আগ্রহ সৃষ্টি করার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এর সার্বিক সফলতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে মিলাদ অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক আবু বারাকাত মোহাম্মদ রেযা ও সদস্য সচিব মোহাম্মদ সাঈদুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আবসার, গাজী মোহাম্মদ হামিদ হাসান, মোহাম্মদ আব্দুর রহমান, ইত্তেহাদ নুর ও মাশরুক।
এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ অধ্যক্ষ আবু তালেবের হাতে মিলাদ অলিম্পিয়াডের বিভিন্ন প্রকাশনা ও তথ্যসম্বলিত প্রচারসামগ্রী তুলে দেন এবং প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।
উল্লেখ্য, সিরাতভিত্তিক এ জাতীয় জ্ঞান প্রতিযোগিতায় এবার মোট ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবেন পবিত্র হারামাইন শরীফাইন জিয়ারতের সুযোগ।
