শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী মোঃ রাজু আহমেদ বাদল (৫৫)-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাব।
রোববার, ৯ আগস্ট ২০২৬ ইং, সকাল ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমাজ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, মরহুম রাজু আহমেদ বাদল ছিলেন একজন অমায়িক, সদালাপী ও অতিথিপরায়ণ মানুষ। ব্যবসার পাশাপাশি মানুষের সঙ্গে তাঁর আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল অত্যন্ত সুদৃঢ়। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল একজন পরিচিত, প্রিয় ও সম্মানিত মানুষকে হারাল।
এদিকে, রোববার (৯ আগস্ট) বাদ এশা শ্রীমঙ্গল জামে মসজিদে মরহুম রাজু আহমেদ বাদলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি, ব্যবসায়ী, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
