আনোয়ার হোসেন রনি, ছাতক থেকে: সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের উদ্যোগে ছাতক উপজেলা পরিষদে নতুন ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই পরিদর্শন কক্ষের মাধ্যমে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের মধ্যে যোগাযোগ ও মতবিনিময় আরও সহজ হবে। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সমস্যা ও জনসেবামূলক বিভিন্ন বিষয়ে দ্রুত আলোচনা ও সমন্বয়ের সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয়দের মতে, পরিদর্শন কক্ষটি কার্যকরভাবে ব্যবহৃত হলে জনগণের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তুলে ধরা এবং সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া সহজ হবে।
পরিদর্শন কক্ষ উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, নতুন এই পরিদর্শন কক্ষ ছাতক উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা সৃষ্টি করবে।
