নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে উসমান গনি (৪৬) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দলজিৎপুর গ্রামের মামুনের বাড়ির পেছনের একটি পুকুরপাড়ে উসমানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন গ্রামবাসী। নিহত উসমান ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মামুনের বাড়ির পেছনের পুকুরপাড়ে একটি নারকেল গাছের নিচে উসমানের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তার পরনে কাছা দেওয়া লুঙ্গি (লুঙ্গির নিচের অংশ কুঁচকে কোমরে গুঁজে ছোট করা) ও গেঞ্জি ছিল। মরদেহের পাশেই একটি ব্যাগে সাতটি নারকেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহতের বোন আছিয়া জানান, উসমান ঘরে একাই থাকতেন। তার স্ত্রী বর্তমানে সৌদি আরবে রয়েছেন এবং দুই সন্তান নানা বাড়িতে থাকে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকেও তিনি উসমানকে ঘরে রান্না করতে দেখেছেন।
এদিকে স্থানীয় গারুচিরা বাজারে শুক্রবার রাত ১২টার দিকে উসমানকে চা পান করতে দেখেছেন বলেও জানিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
