আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল আহাদ ভূঁইয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে সাংবাদিক মোতালিব ভূঁইয়ার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়া জাতীয় দৈনিক সংবাদ-এর দোয়ারাবাজার উপজেলা সংবাদদাতা এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর গুরুতর আহত সাংবাদিককে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিকের অভিযোগ, অভিযুক্ত আব্দুল আহাদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক ও চোরাই পণ্যের কারবারের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন আহাদ। এর আগেও তাঁকে হত্যার উদ্দেশ্যে তাঁর কার্যালয়ে হামলা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় অভিযোগও করেছিলেন বলে জানান মোতালিব ভূঁইয়া।
সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে তাঁর কার্যালয়ে প্রবেশ করেন আহাদ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। এতে তাঁর ডান হাতের কবজি, বাঁ হাতের কনুই, গলা, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
অভিযুক্ত আব্দুল আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া গ্রামের মো. ইউসুফ ভূঁইয়ার ছেলে।
ঘটনাস্থলে পুলিশ, হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে যান ওসি ও এসিল্যান্ড
হামলার খবর পেয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার এবং সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সাংবাদিককে দেখতে যান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজন অভিযুক্ত আব্দুল আহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, আহাদ ভূঁইয়ার বিরুদ্ধে মাদক কারবার ও সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এ-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথি বা পুলিশের বক্তব্য দিয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
একজন সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক আতিকুর রহমান আতিক, আরিফুর রহমান মানিকসহ অন্যরা।
তাঁরা বলেন, সারা দেশে সাংবাদিকেরা ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হামলা, নির্যাতন কিংবা হত্যার হুমকির শিকার না হন, সে জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
