মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের নিজ বাসা থেকে স্বনামধন্য চিকিৎসক ও ভটের ফার্মেসির স্বত্বাধিকারী পূর্ণেন্দ্র চক্রবর্তীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ণেন্দ্র চক্রবর্তী তাঁর ফার্মেসির দ্বিতীয় তলায় পরিবারসহ বসবাস করতেন। শুক্রবার সকালে দীর্ঘক্ষণ তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ থাকা ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর সিলেটের একটি ভাড়া বাসা থেকে চিকিৎসক পূর্ণেন্দ্র চক্রবর্তীর একমাত্র ছেলে, চিকিৎসক পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তের (৩১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তরুণ ছেলের আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেছেন।
মৌলভীবাজার মডেল থানার এসআই মনোজ কুমার সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মাত্র ১১ দিনের ব্যবধানে চিকিৎসক বাবা ও ছেলের এমন মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো মৌলভীবাজার জুড়ে আলোচনা ও সমালোচনা চলছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
