প্রবাসীদের সম্পৃক্ততায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা বিএনপি নেতাদের
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: সরকারি সফরে ইতালিতে আগমন উপলক্ষে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ টি এম রাকিবুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ইতালি শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটন, সাবেক সহসভাপতি সাজ্জাদুল কবির, হুমায়ুন কবির ও মইনুল আলম খোকন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের ও কাজী আবুল বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এ ছাড়া রোম মহানগর বিএনপি, ইতালি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ইতালি মহিলা দল, জিয়া সাইবার ফোর্স ইতালি, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সরকারি সফরের সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বক্তারা বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রবাসীদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এ সময় প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি নেতৃবৃন্দ।
বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সরকারি সফরের নির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
