শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে নিয়তি রানী দেব (৬৫) নামে এক বৃদ্ধা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের মৃত কানু দেবের স্ত্রী।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, নিয়তি রানীর সঙ্গে তাঁর দুই ছেলে ও পুত্রবধূদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য চলছিল। এর জেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়দের একাংশের দাবি।
এরই একপর্যায়ে রোববার বিকালে নিজ ঘরে ওই বৃদ্ধা বিষপান করেন বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন বৃদ্ধার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।
এদিকে স্থানীয় সূত্রে পারিবারিক অসন্তোষের নানা অভিযোগ উঠে এলেও, এ বিষয়ে নিয়তি রানীর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে পুলিশকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিযোগ কিংবা তথ্য পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
