শ্রীমঙ্গল প্রতিনিধি: শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী ও উৎসাহিত করতে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব ২০২৬’-এর বই পড়ায় উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক মো. জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী বলেন, বই মানুষের মনন ও মানসিকতা গড়ে তোলে। তাই শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, বিজ্ঞান, ইতিহাস, ভ্রমণসহ নানা ধরনের বই পড়ার সঙ্গে ছেলেমেয়েদের যুক্ত করা গেলে তারা সুস্থ, সুন্দর ও ইতিবাচক মনন নিয়ে বেড়ে উঠবে।
শিক্ষার্থীদের বই পড়ায় আরও উৎসাহিত করতে তিনি শ্রীমঙ্গল বই পড়া উৎসব ২০২৬-এর আটটি শ্রেণির সেরা পাঠকের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে আটটি ল্যাপটপ উপহার দেওয়ার ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, বই পড়াকে কেন্দ্র করে গড়ে ওঠা এই পাঠ-আন্দোলন কোমলমতি ছেলেমেয়েদের বইয়ের মাধ্যমে বিশাল পৃথিবীর সঙ্গে পরিচিত করে তুলবে। একটি বই হয়তো একজন মানুষকে একদিনে পুরোপুরি বদলে দেবে না, কিন্তু বই পড়ার অভ্যাস তার ভবিষ্যৎ জীবনের জন্য হয়ে উঠবে অমূল্য পাথেয়। আজকের এই পাঠাভ্যাসই আগামী দিনে তাদের চিন্তা, মেধা ও মননকে আরও সমৃদ্ধ করবে।
৩৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়
প্রসঙ্গত, তিন পর্বে আয়োজিত শ্রীমঙ্গল বই পড়া উৎসব ২০২৬-এর প্রথম পর্ব ‘মুকুল’ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ পর্বে শ্রীমঙ্গলের ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী দ্বিতীয় পর্ব ‘ফুল’-এর জন্য নির্বাচিত হয়েছে।
‘ফুল’ পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা নতুন করে আরও ১৪টি বই পাঠ করছে। এসব বইয়ের ওপর আগামী ২ ও ৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এ মূল্যায়নের মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণি থেকে সেরা তিনজন শিক্ষার্থী নির্বাচিত হয়ে উপজেলা পর্যায়ে শ্রীমঙ্গল বই পড়া উৎসব ২০২৬-এর চূড়ান্ত পর্ব ‘ফল’-এ অংশগ্রহণ করবে।
বইয়ের চাহিদা বেড়েছে লাইব্রেরিগুলোতে
শ্রীমঙ্গল বই পড়া উৎসব ইতোমধ্যে শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে সাধারণ বইপ্রেমী—সবার মধ্যেই বই পড়া নিয়ে তৈরি হয়েছে নতুন আগ্রহ ও উৎসাহ।
শ্রীমঙ্গলের বিভিন্ন লাইব্রেরি ঘুরে দেখা গেছে, উৎসবের জন্য নির্ধারিত বইগুলোর চাহিদা এতটাই বেড়েছে যে অনেক লাইব্রেরি দুই-তিনবার করে বই সংগ্রহ করেও বর্তমানে স্টক ধরে রাখতে পারছে না। পাঠকদের চাহিদা পূরণে তারা নতুন করে বই সংগ্রহ ও সরবরাহের উদ্যোগ নিচ্ছেন।
বই সংগ্রহকে ঘিরে এমন আগ্রহ ও প্রাণচাঞ্চল্য শ্রীমঙ্গলের পাঠ-সংস্কৃতিতে নিঃসন্দেহে একটি ইতিবাচক ও অভূতপূর্ব সংযোজন।
উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত এ বই পড়া উৎসবের সমন্বয় সহযোগী হিসেবে রয়েছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব এবং পাঠ সহযোগী হিসেবে রয়েছে উত্তরণ পাঠাগার।
বই পড়ি, মন গড়ি—বইয়ের পাতায় গড়ে উঠুক জ্ঞানমনস্ক ও আলোকিত আগামীর প্রজন্ম।
