বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান এলাকায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:১৫ মিনিট থেকে দুপুর ১২:১০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায়পরান, কেদারপুর চা বাগান ও দিনারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস টিম।
প্রশাসন সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেদারপুর চা বাগানের দিনারপুর ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনকালে জুনেল ঝরা (৩০) ও সোহাগ মুন্ডা (২৪) নামের দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত জুনেল ঝরা কেদারপুর চা বাগানের স্কুল লাইন এলাকার পবণ ঝরার ছেলে এবং সোহাগ মুন্ডা দিনারপুর চা বাগানের দশঘর এলাকার গোপাল মুন্ডার ছেলে।
পরে আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে উভয়কে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় স্থানীয় সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
