আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তাঁরা ছৈলা শিব সংঘ, প্রতিজ্ঞা পূজা কমিটি, নবজাগরণ পূজা কমিটিসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। সেখানে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের স্বাগত জানান। এ সময় উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় হয়।
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস এবং সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পির পক্ষ থেকে পূজামণ্ডপের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও ভক্তদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, “দুর্গাপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
এ সময় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুসরণ করে প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। বিশেষ করে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, পূজা উদযাপনকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা কমিটির সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব পূজার আয়োজন, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসবকে আনন্দময় করে তোলার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
পরিদর্শনকালে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পূজা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে খোঁজ নেন। মণ্ডপগুলোর দায়িত্বশীল ব্যক্তিরা তাঁদের নিজ নিজ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার বিপ্লব তালুকদার বাপ্টু, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য এবং ছাতক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য বিমান ঘোষ, সিংচাপইড় ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সহ-প্রচার সম্পাদক দীপক দেবনাথ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সংগঠনিক সম্পাদক ডা. রিপন দাস, পরিষদ নেতা বিধান দেব, মাস্টার লিটন দে, সুজিত সূত্রধর, ডা. প্রদীপ দাস, নিবারণ গোস্বামী, ডা. নিরঞ্জন দেবনাথ শশী, অনুকূল বৈদ্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সচেতনতার মধ্য দিয়ে ছাতকের সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।
