নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও গুণীজনদের মাঝে সার্টিফিকেট এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে অসামান্য সাফল্য অর্জন করেছে সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং দুটি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মোট পাঁচটি বিভাগে কৃতিত্ব দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বুধবার (১৪ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর উপজেলা পর্যায়ের বিজয়ী শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক ফিল্ড সুপারভাইজার সঞ্জিত কুমার দাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ মাদ্রাসা’ হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা শহীদ আহমদ ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ (মাদ্রাসা) এবং মুহাম্মদ হুমায়ূন কবির ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ হওয়ার গৌরব অর্জন করেন।
শিক্ষা প্রতিযোগিতার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অনন্য দ্যুতি ছড়িয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। কেরাত প্রতিযোগিতার ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন সানিয়া আক্তার রুমা এবং হামদ প্রতিযোগিতার ‘গ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন সারওয়ার আহমদ ফাহিম।
প্রতিষ্ঠানটির এই অভূতপূর্ব সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। অত্র মাদ্রাসার সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এই সফলতার ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। অনুষ্ঠানে উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ও অংশগ্রহণ করেন ।
সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার পক্ষ থেকে প্রতিষ্ঠানের এই সুনাম ও সার্বিক অগ্রগতি অব্যাহত রাখতে সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
