জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৬০টি দোকানঘর ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকনাগুল বাজার এবং দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরবস্ত বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ছোট-বড় মোট ৬০টি দোকানঘর ও বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়। মহাসড়কে যানজট নিরসন, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তৌফায়েল, চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ বি এম জাকারিয়াসহ সিলেট সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তাপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, চলমান অভিযানের ধারাবাহিকতায় সিলেট-তামাবিল মহাসড়কের অন্যান্য এলাকা এবং বিভিন্ন হাট-বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, “সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর অংশকে যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে বাকি সকল অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”
