মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: জার্মানির কোলনে অনুষ্ঠিত ‘FBE Young Lawyers Human Rights Oratory Competition 2026’ শীর্ষক আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশি অ্যাডভোকেট সাইদুল আব্দুল। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ আইনজীবী, শিক্ষানবিস ও আইন বিভাগের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।
গত ২২ থেকে ২৪ অক্টোবর জার্মানির কোলন শহরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউরোপের বিভিন্ন দেশের আইনজীবীদের মধ্যে পেশাগত যোগাযোগ বৃদ্ধি, তরুণ আইনজীবীদের মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশ ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।
এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল— ‘জনঅংশগ্রহণ দমনে কৌশলগত মামলা বা SLAPP: একবিংশ শতাব্দীর একটি আইনি হাতিয়ার’। SLAPP (Strategic Lawsuits Against Public Participation) বলতে বোঝায় এমন কিছু মামলা, যেগুলোর মাধ্যমে সাংবাদিক, মানবাধিকারকর্মী, নাগরিক সংগঠন কিংবা জনস্বার্থে সোচ্চার ব্যক্তিদের ব্যয়বহুল আইনি প্রক্রিয়ায় জড়িয়ে তাদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করা হয়।
বিষয়টি মূলত মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সুরক্ষা, আইনের অপব্যবহার এবং আইনজীবীদের নৈতিক দায়িত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নির্ধারিত বিষয়ের ওপর ভিত্তি করে নিজেদের যুক্তি ও গভীর বিশ্লেষণ তুলে ধরেন। পরবর্তীতে বিচারকমণ্ডলীর মূল্যায়নে নির্বাচিত চারজন প্রতিযোগী চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়।
উক্ত আয়োজনে ইতালির ‘পালেরমো বার অ্যাসোসিয়েশন’-এর প্রতিনিধিত্বকারী বাংলাদেশি অ্যাডভোকেট সাইদুল আব্দুল অনুভূতি প্রকাশ করে বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান বিশ্বে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং জনস্বার্থে কথা বলার অধিকারের সুরক্ষায় বিষয়টি নিয়ে কথা বলা জরুরি।”
এমন আন্তর্জাতিক সম্মানজনক প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি হিসেবে অংশ নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত অ্যাডভোকেট সাইদুল। তিনি মনে করেন, এ ধরনের বৈশ্বিক আয়োজন বিভিন্ন দেশের আইনজীবীদের অভিজ্ঞতা বিনিময়, মানবাধিকারের সুনির্দিষ্ট ধারণা বিস্তৃতকরণ এবং পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতা শেষে নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা নিয়ে তিনি গত রবিবার ইতালিতে ফিরে আসেন।
আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আলোচনায় অ্যাডভোকেট সাইদুল আব্দুলের এই অংশগ্রহণ ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বিশেষ গৌরব ও অনুপ্রেরণার বিষয় হিসেবে দেখা হচ্ছে।
