সালেহ আহমদ (স’লিপক): ”দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঞ্জুরুল আলম, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের ডিআরএস ডা. মো. মিলাদুর রহমান, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আফতাব চৌধুরী, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আবু তালেব মুরাদ, সিলেট বধির সংঘের সভাপতি প্রবীণ সাংবাদিক হাজী এম আহমদ আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ আতাউর রহমান খান শামসু এবং গ্রিন ডিজেবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান এবং গীতা পাঠ করেন রাগীব-রাবেয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল বিজন বিহারী।
আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রথাগত ‘সাদাছড়ি’ বিতরণ করা হয়। পরবর্তীতে গ্রিন ডিজেবল্ড ফাউন্ডেশনের দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে এক মনোজ্জ্বল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় জনসচেতনতা অত্যন্ত অপরিহার্য। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ বাস্তবায়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ভাতাপ্রদানসহ তাদের সার্বিক অধিকার বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। তারা যেন সমাজে পূর্ণ অধিকার নিয়ে বাস করতে পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সংবেদনশীল ও আন্তরিক হতে হবে।”
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
