কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রতিনিধি: যুক্তরাজ্যভিত্তিক শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কায়েস আজিজকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুন টিটুকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ৫ আগস্ট লন্ডনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের নির্বাহী সদস্যরা দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ সভা ও নির্বাচনটি শ্রীমঙ্গল প্রবাসীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
সভায় সংগঠনের সভাপতি বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা ও প্রতিবেদন উপস্থাপন করেন। পাশাপাশি ট্রেজারার সংগঠনের আর্থিক কর্মকাণ্ড ও আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরেন।
সভাপতিমণ্ডলীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিদায়ী কমিটির কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ ও জহির উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্বপ্রাপ্ত হয়ে উপস্থিত সদস্যদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে নতুন কমিটির একটি খসড়া প্রস্তাব করেন। পরে সভায় প্রস্তাবিত কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু, ট্রেজারার হাজিম উদ্দীন, সহসভাপতি এমদাদুল হক জুনেদ ও জাহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রকিব রহমান মিজান ও আব্দুল্লাহ আল মাহবুব তিতাশ, যুগ্ম ট্রেজারার শাহ মঞ্জুর হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার মামুন ও এম ইলিয়াছুর রহমান পাপ্পু, ত্রাণ সম্পাদক তুফাজ্জল হক মুর্শেদ, মহিলা বিষয়ক সম্পাদক শেখ জেসমিন নাহার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ শিপু ও পারভেজ খান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকির আহমেদ নির্বাচিত হয়েছেন।
সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন হারুন অর রশিদ, জহির উদ্দীন চৌধুরী বাবলু ও আব্দুর রকিব রাজু। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাজী জসিম উদ্দীন দুদু, শেখ মোহাম্মদ আব্দুন নূর ও মানসেল আহমেদ মনসুর।
দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া সদস্যরা। নবনির্বাচিত কমিটি যুক্তরাজ্যে বসবাসরত শ্রীমঙ্গল প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য জোরদারের পাশাপাশি শ্রীমঙ্গলের মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা করেন।
