চিন্ময় দাশ, শাল্লা (সুনামগঞ্জ) থেকে: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত শিক্ষকদের বরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, শাল্লা উপজেলা প্রধান শিক্ষক কমিটির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
অনাদি তালুকদার ও পল্লবী মৌয়ের যৌথ সঞ্চালনায় এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোজ কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, শিক্ষক আব্দুল করিম মাস্টার, উদীচী শিল্পীগোষ্ঠী শাল্লা উপজেলা শাখার সভাপতি তরুণ কান্তি দাস, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাস মিল্টন, শহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মো. দুলাল, চবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেঃ সোহাগ মিয়া, সমাজসেবক আজমান গুনি এবং ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির সভাপতি ব্রজেশ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাঁরা শিক্ষার্থীদের অন্ধকার থেকে আলোর পথে এবং অজ্ঞতা থেকে জ্ঞানের পথে নিয়ে যান। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করে তাদের যোগ্য নাগরিক ও দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বক্তারা আরও বলেন, প্রবীণ শিক্ষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং নবীন শিক্ষকদের কর্মস্পৃহা ও উদ্যম শিক্ষাক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবীণ ও নবীন শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং নবনিযুক্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
