শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সফর করছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ৩:৩৫ মিনিটে তিনি শ্রীমঙ্গল পৌর শহরের কলেজ রোডস্থ ঐতিহাসিক ‘শ্রী শ্রী মঙ্গলেশ্বরী কালী মন্দির’-এ পৌঁছান। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সভায় মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় পূজার শুভেচ্ছা জানান এবং দেশে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
মঙ্গলেশ্বরী কালী মন্দির পরিদর্শন ও সংক্ষিপ্ত সভা শেষে তিনি শ্রীমঙ্গলের অন্যান্য প্রধান প্রধান পূজামণ্ডপ ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা হন। সফরসূচি অনুযায়ী তিনি শাপলাবাগ এলাকার স্বরলিপি সংঘ পূজামণ্ডপ এবং চন্দ্রনাথ স্কুলের পাশে অবস্থিত রামকৃষ্ণ মিশন পরিদর্শন করবেন। পরবর্তীতে মন্ত্রীর ইচ্ছে অনুযায়ী উপজেলার অন্যান্য মণ্ডপসমূহ পরিদর্শনের কথা রয়েছে।
শ্রীমঙ্গলের পূজামণ্ডপসমূহ পরিদর্শন শেষে তিনি পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।
উল্লেখ্য, মন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং স্থানীয় প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
