শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৯ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আয়োজনের শেষ পর্বে একটি ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের পরিবেশনা রাখা হয়, যেখানে সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী এবং স্থানীয় শিক্ষকদের সরাসরি উপস্থিতি ও অংশগ্রহণ দেখা যায়। উক্ত পরিবেশনার দৃশ্যটি পরবর্তীতে অনলাইনে ছড়িয়ে পড়লে তা সাধারণ মানুষের নজরে আসে এবং স্থানীয় ও সামাজিক পরিসরে এ নিয়ে নানা আলোচনা-পর্যালোচনার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে পরিবেশিত ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যে স্থানীয় এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা