শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক শিশু ছাত্রকে (৯) প্রায় এক মাস ধরে বলাৎকার (যৌন নির্যাতন) ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি শ্রীমঙ্গলের সুনগইড় গ্রামের রফিক মিয়া ও সফিনা বেগমের ছেলে।
রোববার (২৩ আগস্ট) বিকেল আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিন্দুরখান রোডস্থ জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা থেকে তাকে আটক করে। অভিযানে শ্রীমঙ্গল থানার এসআই মুহিবুর রহমান, এসআই হারুনুর রশিদ, এসআই বাবলা, এসআই আনিস ও এসআই পারভেজ উপস্থিত ছিলেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি প্রায় এক মাস ধরে ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকার (যৌন নির্যাতনের) অভিযোগ করেছেন। দীর্ঘদিনের নির্যাতনের কারণে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, রোববার সকালে শিশুটি শিক্ষকের কথামতো চলতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।
পরে শিশুটির অভিভাবক বিষয়টি শ্রীমঙ্গল থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হিসেবে এসআই হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআই হাবিবুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ৩৩। তিনি বলেন, ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
