‘মানুষের সেবাই আমার লক্ষ্য’—গণসংবর্ধনায় আরেজ্জো সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলার রাসেল আহমেদ
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালির আরেজ্জো সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিক ও নবনির্বাচিত কাউন্সিলর রাসেল আহমেদকে আরেজ্জোবাসীর উদ্যোগে আন্তরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক প্রবাসীর পাশাপাশি ইতালীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল করিম ও এনাইয়া আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেজ্জো সিটি কর্পোরেশনের মেয়র মারচেল্লো কমানদোচ্চি এবং কমুনি দি আরেজ্জোর ভাইস সিন্দাকো ফ্রানচেসকো গামুররিনি (Francesco Gamurrini)।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ—জন পাল (রাজীব), জামাল কাসেম, রাজীব, নিয়াম উল্লাহ, মনিরুজ্জামান, আল আমিন খন্দকার, সোহরাব আহমেদ, রুবেল আহমেদ, ফরহাদ, কলি আহমেদ, সাদেকুর রহমান, এহসান উল হক, জালাল আহমেদ, আসাদুজ্জামান লিটন, মিয়া সোহাগসহ আরও অনেকে।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মেয়র মারচেল্লো কমানদোচ্চি প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটি ইতালির অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অবদান রেখে চলেছে। ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত কাউন্সিলর রাসেল আহমেদ বলেন, “আমি একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। আমি শুধু বাংলাদেশিদের নয়, সব দেশের অভিবাসীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চাই। মানুষের সেবাই আমার মূল লক্ষ্য।”
তিনি উপস্থিত সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন এবং আরেজ্জো শহরের উন্নয়ন ও বহুজাতিক কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা রাসেল আহমেদের বিজয়কে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষে আরেজ্জোর বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত কাউন্সিলরকে অভিনন্দিত করেন এবং তাঁর সার্বিক সফলতা কামনা করেন।
