বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ইং তারিখ সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা (দক্ষিণ পাড়া) গ্রামের একটি মেহগনি বাগান থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, বালুন্ডা গ্রামের আশানুর রহমানের বাড়ির পাশে একটি মেহগনি বাগানে সাদা রঙের প্লাস্টিকের হাতব্যাগের ভেতরে ২টি ককটেল সদৃশ বোমা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
তিনি আরও জানান, ককটেলগুলো কে বা কারা রেখে গেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
