শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের এক বিশেষ অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ পারভীন বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পারভীন বেগম শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন পশ্চিম পাড়া এলাকার মোঃ শাহীন মিয়ার স্ত্রী এবং মৃত বাহাদুর মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) ঈমানুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শরাফত মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম কুঞ্জবন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পারভীন বেগমকে ৪২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, মাদকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
