সালেহ আহমদ (স’লিপক): সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব মোকাবিলায় মূলধারার সংবাদমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
শনিবার (২৪ জানুয়ারী) সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জবাবদিহিতাহীন ও অসম্পাদিত তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে মূলধারার সংবাদমাধ্যমকে এমন বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, যাতে মানুষ সত্য যাচাইয়ের জন্য সেগুলোর ওপর নির্ভর করে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও গণমাধ্যমের বিশ্বাসযোগ্য উপস্থিতি জরুরি।
সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ূন কবীর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ মহসিন উদ্দিন এবং যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি পাশা খন্দকার।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীন, নিরপেক্ষ ও নৈতিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। পরে প্রধান অতিথি সিলেট প্রেসক্লাবের পাঠাগার পরিদর্শন করেন এবং পাঠাগার উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
