জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকায় এবং পরে জুড়ী বাজার সংলগ্ন একটি স্থানে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিলুয়া এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকজন আহত হন। আহতদের মধ্যে তারেক রহমানসহ কয়েকজনকে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রের আঘাতে জখম করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এক পক্ষের অভিযোগ, তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। অপর পক্ষের দাবি, এলাকায় একটি কার্যক্রমকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
জেলা জামায়াতের এক নেতা জানান, সংঘর্ষে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে সংশ্লিষ্ট বিএনপি প্রার্থী বলেন, এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর জানান, ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
