জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বড়গাং ও সারী নদীর পাড় এবং ফসলি জমি কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ মার্চ) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বড়গাং নদীর জাঙ্গালঘাট, রুপচেং গরুরঘাট ও সারী-২ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে নদীর পাড় ও ফসলি জমি কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে ৭ জনকে বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সর্বনিম্ন ৩ দিন থেকে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড দেন। অপর একজনের বয়স ১৭ বছর হওয়ায় তাকে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ সময় ঘটনাস্থলে থাকা ১০টি ইঞ্জিনচালিত নৌকা করাত দিয়ে কেটে ধ্বংস করা হয়।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বড়গাং নদীর বৈধ ইজারাদার প্রতিষ্ঠানের লোকজন অবৈধভাবে উত্তোলিত বালুতে টোকেন দিয়ে বৈধতা দিচ্ছে। বিষয়টি তদন্ত করে ইজারাদারদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
