নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় ট্রলি দুর্ঘটনায় ইরান শেখ (২১) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে চাপাইল-কালিয়া সড়কের মূলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরান শেখ কালিয়া উপজেলার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ইরান শেখ তার চালিত ট্রলি নিয়ে জোকা গ্রাম থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে চাপাইল-কালিয়া সড়কের মূলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক ইরান। স্থানীয়রা তাকে উদ্ধারের আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
