নড়াইল প্রতিনিধি: নিজের হাতে নিজেই ময়লা-আবর্জনা পরিষ্কার করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
মাসব্যাপী ‘ক্লিন নড়াইল’ কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় নড়াইল সদর হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বাচ্চু নিজ হাতে ঝাড়ু দিয়ে হাসপাতাল প্রাঙ্গণের ময়লার স্তুপ পরিষ্কার করেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজল কুমার বকসী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জামায়াত নেতা ড. আব্দুস সোবহান, পৌর জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য বলেন, জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। ‘ক্লিন নড়াইল’ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং হাসপাতালের পরিবেশ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সদর হাসপাতালে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যা চালুকরণসহ চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও প্রয়োজনীয় জনবল সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
পরে এমপি বাচ্চু হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
