বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই শেখ কামরুল ইসলাম, এএসআই ফজলে আজিম, সন্তোষ কুমার বিশ্বাস, সুলতান আহমদসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
অভিযানকালে মাহমুদ হাসান রাসেলের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত রাসেল বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মধ্য ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
এছাড়া ইয়াবা পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো মোটরসাইকেল এবং রাসেলের ব্যবহৃত একটি রেডমি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, “চার হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দুইজন পালিয়ে গেছে। তবে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে।”
এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
