জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে জ্বালানি তেলের সংকটের মধ্যে প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দেওয়ার এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বুধবার (৮ এপ্রিল) উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে দুবাই প্রবাসী খলিফা আল মারুফের বিয়েতে এই অভিনব উপহার দেন বরের বন্ধু প্রবাসী সোহান চৌধুরী। বিষয়টি দ্রুতই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তিতে পড়ছেন। এমন বাস্তবতায় বন্ধুর প্রতি ভালোবাসা ও প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই অকটেনকে উপহার হিসেবে বেছে নেন তিনি।
অনেকে এটিকে শুধুমাত্র ব্যতিক্রমী উপহার হিসেবেই দেখছেন না, বরং সামাজিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষ করে বিয়েতে অপ্রয়োজনীয় খরচ ও যৌতুকের প্রচলিত চাপের বিপরীতে এমন বাস্তবমুখী ও প্রতীকী উপহার নতুন বার্তা দিচ্ছে বলে মত দিয়েছেন সচেতন মহল।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে যৌতুকের মতো নেতিবাচক প্রথা নিরুৎসাহিত করতে ভূমিকা রাখতে পারে এবং বিয়েকে সহজ ও মানবিক করার পথে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আবার কেউ কেউ মনে করছে সামাজিক ভাবে বিভিন্ন ধরনের যৌতুকের প্রথা রয়েছে বিবাহ অনুষ্ঠানকে ঘিরে এর মধ্যে একটি নতুন যৌতুকের আবির্ভাব হয়েছে যা অন্যান্য যৌতুকের কথা কে পিছে ফেলে দিতে পারে বলে অনেকেই ধারণা করছেন।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে, আর অনেকেই এটিকে সময়োপযোগী ও ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
