বেনাপোল প্রতিনিধি: ভারতে কারাভোগ শেষে ৪ শিশুসহ ৩৩ জন বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফিরেছেন। রবিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতের চেন্নাইয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে এসব বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। দালালের প্রলোভনে পড়ে ভালো কাজের আশায় তারা বিভিন্ন সময়ে ভারতে যান। সেখানে চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।
পরে একটি বেসরকারি সংস্থার সহায়তায় তারা মুক্তি পেয়ে শেল্টার হোমে অবস্থান করেন। পরবর্তীতে দুই দেশের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া অফিসার সফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে কাজের আশায় ভারতে গিয়ে তারা বিপদের মুখে পড়েন। পরবর্তীতে এনজিওর সহায়তায় তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করে শেল্টার হোমে রাখা হয় এবং শেষে দেশে ফিরিয়ে আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক থাকা এসব বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
