মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। অভিযানে একটি ট্রাকসহ মোট ১১০ বস্তা জিরা জব্দ করা হয় এবং এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক-এর শেরপুর পয়েন্ট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে শেরপুর পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপু কুমার দাশের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে একটি সন্দেহভাজন ট্রাক (রেজি নং-ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামানোর সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। পরে তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকটি আটক করা হয়।
ট্রাক তল্লাশীকালে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এর মধ্যে “Mast Gold JEERA Machine Clean” ব্র্যান্ডের ৬৪ বস্তা এবং “K.S. Gold JEERA Machine Clean” ব্র্যান্ডের ৪৬ বস্তা রয়েছে। প্রতি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট ৩ হাজার ৩০০ কেজি জিরা জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যদিও সঠিক মূল্য নির্ধারণের কাজ চলছে।
এ সময় ট্রাক থেকে রবিউল ইসলাম (৩৭), পিতা-মৃত ছবেদ আলী প্রামানিক, সাং-জসমন্তর ধুলিয়া, খেতুপাড়া ইউপি, থানা-সাথিয়া, জেলা-পাবনাকে আটক করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানা-এর অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জিরার বস্তাগুলো সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করিয়ে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তপথে চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা পুলিশের মিডিয়া সেল এর মাধ্যমে সাধারণ জনগণকে অনুরোধ করেছে—সন্দেহজনক কোনো পণ্য পরিবহন বা চোরাচালান সংক্রান্ত তথ্য পেলে নিকটস্থ থানা কিংবা পুলিশের হটলাইনে দ্রুত জানানোর জন্য।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
