শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় এসে প্রথমেই স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়েছেন। রবিবার দুপুরে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি হাজী মুজিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি সকল রোগীর জন্য দুধ সরবরাহ করেন। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে নানা সমস্যা ও অভাব-অভিযোগও শোনেন।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। চিকিৎসকরা জনবল সংকট, পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতা, অ্যাম্বুলেন্সের অভাব এবং শয্যা সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।
এ বিষয়ে এমপি হাজী মুজিব বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়ন, ক্লিনার নিয়োগ, আরও একটি অ্যাম্বুলেন্স প্রদান এবং হাসপাতালের শয্যা বৃদ্ধি সংক্রান্ত ডিও লেটার ইস্যু করবেন।
পরিদর্শনকালে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দেকী, সদস্য মো. ইয়াকুব আলী, তুহিন চৌধুরী, মো. কাজল মিয়া, মহিউদ্দিন জারু, মশিউর রহমান রিপন, সৈয়দ সালাউদ্দিন ও নিয়ামুল তরপদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত এমপি শ্রীমঙ্গলে পৌঁছালে উপজেলার প্রবেশপথ চা কন্যা ভাস্বর্য এলাকায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রায় তাকে শহরে নিয়ে আসা হয়।
নবনির্বাচিত এমপির এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাঁর প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রত্যাশা করছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
