মৌলভীবাজারে মানবিক উদ্যোগে উচ্ছ্বাস, অংশ নিলেন ৬৪ জন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে বাকপ্রতিবন্ধীদের নিয়ে এক ব্যতিক্রমী আনন্দমেলার আয়োজন করা হয়েছে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের বাকপ্রতিবন্ধীদের সঙ্গে একত্রিত হয়ে এ মিলনমেলায় অংশ নেন।
স্থানীয় ব্যবসায়ী মতিউর রহমান মতিনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৬৪ জন বাকপ্রতিবন্ধী অংশ নেন। গত বছর সীমিত পরিসরে শুরু হওয়া এ আয়োজন এবার আরও বিস্তৃত রূপ পেয়েছে।
আয়োজক মতিউর রহমান মতিন নিজে বাকপ্রতিবন্ধী না হলেও দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে কাজ করছেন। তাদের ভাষা বোঝার চেষ্টা ও আন্তরিক সম্পৃক্ততার মাধ্যমে তিনি এই বিশেষ জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের মধ্যে টুপি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। পরে ভানুগাছ সড়কের মারকাজ মসজিদে তাদের নিয়ে জোহরের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। একসঙ্গে বসে খাবার গ্রহণের মধ্য দিয়ে তৈরি হয় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির পরিবেশ।
পরে তাদের শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরে দেখানো হয়। দিনব্যাপী এ আয়োজনের শেষ পর্যায়ে শহরের ডাকবাংলা সড়কের পুকুরপাড় এলাকায় চা আপ্যায়নের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আয়োজক মতিউর রহমান মতিন বলেন, “সমাজে এই মানুষগুলো অনেক সময় অবহেলার শিকার হন। আমি চাই, তাদের প্রয়োজন অনুযায়ী ধর্মীয় শিক্ষা নিশ্চিত করে এবং সামাজিকভাবে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে।”
সংশ্লিষ্ট সচেতন মহল মনে করেন, বাকপ্রতিবন্ধীদের এ ধরনের উদ্যোগে সম্পৃক্ততা ইতিবাচক দৃষ্টান্ত। তাদের এই আগ্রহকে কাজে লাগিয়ে ধর্মীয় ও সামাজিক শিক্ষায় দক্ষ করে তুলতে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
