শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার লছনা বাজার সংলগ্ন ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের ভান্ডারী আস্তানার বিপরীত পাশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি তেলের দোকান ও পাশের একটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় মো. ধন মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) আসরের নামাজের পর হঠাৎ করে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতা এবং শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে দোকান ও ঘরের বিভিন্ন মালামাল পুড়ে গিয়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে আহত ধন মিয়া শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।
আহত ধন মিয়া জানান, তিনি আসরের নামাজ আদায় করে দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় তিনি গুরুতরভাবে দগ্ধ হন।
এদিকে স্থানীয়দের একটি অংশ দাবি করছেন, একই সময়ে দোকানের বাইরে থাকা একটি টমটম (অটোরিকশা) গাড়ির চাকা বিস্ফোরিত হওয়ার ফলে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের বিষয়টি পরিকল্পিত কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
