শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম (amarsylhet24.com)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রুপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভুরভুরিয়া খাল শুধু একটি জলাধার নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এর কারণে জলাবদ্ধতা, মশাবাহিত রোগের বিস্তার এবং পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে।
তিনি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, “প্রশাসনের একার পক্ষে পরিবেশ রক্ষা সম্ভব নয়। খাল ও জলাশয় রক্ষায় স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই সচেতন হলে ভুরভুরিয়া খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দেকী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, যুবদল সভাপতি মহিউদ্দিন জারুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি স্থানীয় সামাজিক, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে ভুরভুরিয়া খালের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং পরিবেশ সংরক্ষণে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা গড়ে উঠবে।
