কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “মিউজিক্যাল জার্নি শ্রীমঙ্গল, মৌলভীবাজার” শীর্ষক “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির শুভমুক্তি উৎসব।
বৃহস্পতিবার (২১ মে) বনানী ক্লাব-এ আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, ডকুমেন্টারির কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম নাসের রহমান এবং আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি।
শুভমুক্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গল শুধু চায়ের শহর নয়; এটি বাংলাদেশের অন্যতম পর্যটন, প্রকৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। শ্রীমঙ্গলের পাহাড়-টিলা, সবুজ চা-বাগান, বৈচিত্র্যময় সংস্কৃতি ও মানুষের জীবনধারা দেশ-বিদেশের পর্যটকদের দীর্ঘদিন ধরে আকৃষ্ট করে আসছে।
বক্তারা আরও বলেন, এসব প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে বিশ্বদরবারে আরও নান্দনিকভাবে তুলে ধরতেই “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির উদ্যোগ নেওয়া হয়েছে।
ডকুমেন্টারিটির সঙ্গে সংযোজিত হয়েছে একটি বিশেষ সংগীত, যেখানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও রুবায়েত জাহান। গানের কথা ও সুর করেছেন কায়েস আজিজ এবং ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন সৈকত রেজা। সংগীত ও ডকুমেন্টারিটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্ম শ্রীমঙ্গলের ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতি সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারিটি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের সৌন্দর্য, ঐতিহ্য এবং জীবনধারাকে দেশ-বিদেশের দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরবে এবং পর্যটন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
