স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছে মৌলভীবাজার সদর উপজেলার হাজী নছিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী বিশ্বনীল সাহা। সম্প্রতি প্রকাশিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত ফলাফলে সারাদেশ থেকে মনোনীত ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটের তালিকায় স্থান করে নিয়ে এ গৌরব অর্জন করে সে।
বিশ্বনীল সাহা মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিজয় সাহা-এর বড় ছেলে। তিনি একুশে সংবাদ ও নিউজ বাংলা অনলাইন পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কঠিন লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে বিশ্বনীল সাহা এ সম্মাননা অর্জন করে। ছোট বয়সেই তার এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
অনুভূতি প্রকাশ করে বিশ্বনীল সাহা জানায়, “এই অর্জনের পেছনে আমার শিক্ষক এবং মা-বাবার অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে আমি একজন সচেতন ও যোগ্য নাগরিক হয়ে দেশের সেবা করতে চাই।”
ছেলের এই অর্জনে গর্ব প্রকাশ করেছেন তার পরিবার। একই সঙ্গে স্থানীয় শিক্ষক ও শুভানুধ্যায়ীরাও বিশ্বনীলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
উল্লেখ্য, “শাপলা কাব অ্যাওয়ার্ড” বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। নেতৃত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও মানবিক গুণাবলির ভিত্তিতে এ সম্মাননা প্রদান করা হয়।
