নড়াইল প্রতিনিধি: নড়াইলে বুদ্ধিপ্রতিবন্ধী আনোয়ারকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলার ৪ নম্বর আসামি আকাশ বিশ্বাস (২৫) কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোর জেলার নারকেলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকাশ সদর উপজেলার গোবরা মালোপাড়া গ্রামের প্রভাষ বিশ্বাসের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের নারকেলবাড়িয়ায় এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি খাটের নিচে লুকিয়ে ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামের কাওছার উদ্দিন মোল্যার বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে আনোয়ার গত ২৪ জুন বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে ওইদিন রাতে গোবরা মালোপাড়া এলাকায় তাকে চোর সন্দেহে কয়েকজন গাছের সঙ্গে বেঁধে ভোররাত পর্যন্ত মারধর ও নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। ২৫ জুন সকালে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর গত ২ জুলাই সকালে তিনি মারা যান।
এ ঘটনায় আনোয়ারের ভাই নবীর হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁশগ্রাম বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সরকেলডাঙ্গা মাদ্রাসার সামনে অনুষ্ঠিত সমাবেশে নিহতের স্বজন ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
