চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো বিরল প্রজাতির গোঁফওয়ালা বাদুড় (Patton’s Whiskered Bat) শনাক্ত হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে। এ আবিষ্কারের মধ্য দিয়ে দেশে শনাক্ত বাদুড়ের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একদল গবেষক এই প্রজাতিটি শনাক্ত করেন। গত ৩০ জুন জীববৈচিত্র্যবিষয়ক আন্তর্জাতিক জার্নাল Checklist-এ গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণায় অংশ নেন প্রাণিবিদ্যা বিভাগের তিনজন শিক্ষক এবং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএন বাংলাদেশের একজন গবেষক।
গবেষকদের মতে, সাতছড়ি জাতীয় উদ্যানে এ বিরল প্রজাতির উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের বনাঞ্চল এখনো অনেক দুর্লভ বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল। তবে পর্যটকদের অনিয়ন্ত্রিত চলাচল ও আবাসস্থল ধ্বংসের ঝুঁকির কারণে এ প্রজাতির সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি।
গবেষণার সঙ্গে যুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আশীষ কুমার দত্ত জানান, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ পর্যবেক্ষণ, নমুনা সংগ্রহ ও পরীক্ষার পর প্রজাতিটি নিশ্চিতভাবে শনাক্ত করা হয় এবং পরে আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হয়।
সাতছড়ি থেকে সংগৃহীত নমুনাগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এ প্রজাতির বিস্তার, বংশবৃদ্ধি ও বাস্তুসংস্থান নিয়ে আরও বিস্তৃত গবেষণার পরিকল্পনা রয়েছে গবেষকদের।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
