পানি বিপৎসীমার ৩৩ সেমি ওপরে, তলিয়েছে সড়ক ও ফসলি জমি
মৌলভীবাজার প্রতিনিধি: টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ‘মোকাবিলা’ (মখাবিল) এবং ‘গঙ্গানগর’ নামক দুটি স্থানে বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে। এর ফলে ৩টি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ইসলামপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন মোকাবিলা এলাকায় ধলাই নদীর বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ধসে যায়। এরপর বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে একই ইউনিয়নের গঙ্গানগর এলাকায় প্রতিরক্ষা বাঁধে দ্বিতীয় দফায় ভাঙন ধরে।
বাঁধ ভাঙার ফলে ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের ভান্ডারিগাঁও, গঙ্গানগর, শ্রীপুর, মোকাবিলা, কোণাগাঁও, পশ্চিম ঘোড়ামারা, বন্দেরগাঁও, রাজারগাঁও ও উজিরপুর সংলগ্ন ভানুবিলসহ ২৫টি গ্রামের নিচু এলাকা মুহূর্তের মধ্যে ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে যায়। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শত শত একর আউশ ধান, আমন বীজতলা ও সবজি খেত। বহু পুকুর ও ফিশারির মাছ বানের জলে ভেসে গেছে। পানি ওঠার কারণে কমলগঞ্জ-আদমপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ধলাই নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, মখাবিল এলাকার বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং সেখানে স্থায়ী সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আপত্তির কারণে সেখানে পূর্ণাঙ্গ কাজ করা সম্ভব হয়নি। বাধার মুখে যতটুকু সম্ভব হয়েছিল, ততটুকুই প্রতিরক্ষা কাজ করা হয়েছিল।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। তিনি জানান, দুর্গত মানুষদের মাঝে ইতিমধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে। প্রশাসনের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে এবং পানিবন্দি মানুষকে সহায়তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিস্তারিত পরবর্তী সংবাদে দেখুন……
