জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম জুয়েল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। শুক্রবার (১০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের দিকনির্দেশনায় পোস্ট অফিস রোড এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত জুয়েল মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, পোস্ট অফিস রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে জুয়েলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জুড়ী উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
