জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে অবৈধভাবে পরিচালিত গরুর হাটে আংশিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে সরকারি ভূমিতে অবৈধভাবে নির্মিত গরু রাখার সবকটি শেড উচ্ছেদ করা হয়। তবে ব্যক্তিমালিকানাধীন জায়গায় অবস্থিত কিছু শেডের মালিক পক্ষ সরকারি অনুমতি রয়েছে বলে দাবি করেন। এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রাথমিকভাব সেগুলো অক্ষত রাখেন এবং মালিকপক্ষকে আগামী কার্যদিবসের মধ্যে তাদের মালিকানাধীন কাগজপত্র উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দাখিল করার নির্দেশ দেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম বলেন, “উপজেলা প্রশাসনের নির্দেশে চিকনাগুল গরুর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যক্তিমালিকানাধীন কিছু জায়গায় হাটের অনুমতি রয়েছে বলে দাবি করা হয়েছে। আমরা তাদের কাগজপত্র দাখিল করতে বলেছি। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
