শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের মুহাজিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি, পাহাড়ের মাটি কাটা এবং মাদকের বিস্তার রোধে সচেতন এলাকাবাসীর ব্যানারে ১৮ জুলাই শনিবার বিকাল ৪ঃ০০ টায় স্থানীয় মুহাজেরাবাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন এবং ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ওসি কামরুল ইসলাম চৌধুরী। এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আব্দুল আহাদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড সদস্য এবং বিপুলসংখ্যক গ্রামবাসী সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মুহাজিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি, পাহাড়ের মাটি কাটা এবং মাদক ব্যবসার কারণে পরিবেশ ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. ফোরকান মিয়া গত ৮ জুন ২০২৬ তারিখে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি মুহাজিরাবাদ গ্রামের মো. ফারুক মিয়া (পিতা: মো. নুর মিয়া) এবং মো. কাজী এলু মিয়া (পিতা: মো. কাজী কনু মিয়া)-কে অভিযুক্ত করেন।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ উপস্থিত প্রতিনিধিরা অভিযোগকৃত অবৈধ বালু উত্তোলনের স্থান সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, “প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ যদি সচেতনভাবে একযোগে এগিয়ে আসে, তাহলে অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। পরিবেশ রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
