নড়াইল প্রতিনিধি: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়া উপজেলার কুমোড়ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিনুর পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কুমোড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একই গ্রামের রাজিব শেখের কাছে পাওনা টাকা চান আলিনুর। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাজিব আলিনুরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
