নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুরে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার অভিযোগে মো. রবিউল সিকদার (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় জনতা অভিযুক্ত রবিউলকে ধরে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত রবিউল রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২০ জুলাই) শেষ বিকেলে শিশু জান্নাতিকে একটি নির্জন ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে পাশবিক নির্যাতন চালায় রবিউল। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হলে ঘটনা ধামাচাপা দিতে মরদেহ কাঁথা দিয়ে ঢেকে রেখে সে পালিয়ে যায়। সন্ধ্যা পার হলেও জান্নাতি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জান্নাতির মা রবিউলের ঘরের খাটের ওপর সন্তানের রক্তভেজা নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, মারাত্মক পাশবিক নির্যাতনের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার রাতেই নিহত শিশুর বাবা মফিজুল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, এই নারকীয় হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সমগ্র নড়াইল জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি হস্তান্তরের সময় বিক্ষোভে ফেটে পড়ে ক্ষুব্ধ ছাত্র-জনতা। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিক্ষুব্ধ জনতা নড়াইল পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে এবং নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করে আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। পরবর্তীতে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান উপস্থিত হয়ে অপরাধীর কঠোর বিচার নিশ্চিতের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে অবরোধ তুলে নেয়।
অন্যদিকে, একই দাবিতে দত্তপাড়া এলাকায় নড়াইল-যশোর-ঢাকা মহাসড়কে সড়ক অবরোধ করে দত্তপাড়া স্কুলের শিক্ষার্থী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এবং পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ঘটনাস্থলে পৌঁছে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির সুনির্দিষ্ট আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
