নড়াইল প্রতিনিধি: নড়াইলে অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৬ আগস্ট) বিকেলে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ফুলদাহ গ্রামের ফারুক শেখের ছেলে ও অনলাইন প্রতারণার মূলহোতা হিসেবে অভিযুক্ত আকিদুল শেখ, একই গ্রামের ওলিয়ার শেখের ছেলে আসমাউল শেখ, কাকা মিয়া শেখের ছেলে ইমরান শেখ, মোহর মিয়ার ছেলে তৈয়বুর রহমান এবং তুহিন শেখের ছেলে নিরব শেখ।
পুলিশ জানায়, ‘ইলিশ বাড়ি’ অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাজা ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল চক্রটি। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা নেওয়া হলেও পরে তাদের ইলিশ সরবরাহ করা হতো না।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ দিয়ে চক্রটি এলাকায় মাদক বেচাকেনা, মাদক সেবন ও জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে কালিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। এছাড়া আকিদুল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে কালিয়া থানায় ১১টি মামলা রয়েছে।
ওসি ইদ্রিস আলী অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, পণ্য ও বিক্রেতার পরিচয় যাচাই-বাছাই না করে কোনোভাবেই অগ্রিম টাকা দেওয়া উচিত নয়।
